BJP প্রার্থীর খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার সাঁওতালপাড়া এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিজেপি প্রার্থীর নাম বীরেন সোরেন। বিরেনের বাড়িতে একটি খড়ের গাদা ছিল। বৃহস্পতিবার সেই গাদায় আচমকা আগুন দেখতে পান স্থানীয়রা। এই আগুন দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। বীরেনবাবুর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা নেপাল চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, কীভাবে এই আগুন লেগেছে তারা জানেন না। ঘটনাটি পুলিশকে জানিয়েছি। তবে এর পেছনে বিরোধীরা দলের হাত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।